| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে শ্রমিক লীগ নেতার হামলায় নারী নিহত

  • আপডেট টাইম: 18-01-2026 ইং
  • 120043 বার পঠিত
কক্সবাজারে শ্রমিক লীগ নেতার হামলায় নারী নিহত

কক্সবাজারের রামু উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক লীগ নেতার হামলায় রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের খেদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জায়গা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে একই এলাকার ফরিদুল আলমের ছেলে এবং খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালু অতর্কিতভাবে রেহেনা বেগমের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা আহত অবস্থায় রেহেনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে এবং এতে এক নারী মারা গেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

নিহত রেহেনা বেগম ছাত্রদলের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখার সভাপতি ইয়াসিন আরফাত ছোটনের মা। তিনি জুলাই গণঅভ্যুত্থানের একজন সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহবায়ক কানন বড়ুয়া বিশাল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক ইয়াসিন আরফাত ছোটনের মায়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪