টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন মাসুম মিয়া (২৬) নামের এক পুলিশ কনস্টেবল। সোমবার (১৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পুলিশ সদস্য মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বাসিন্দা এবং বকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রশিক্ষণ চলাকালে হঠাৎ একটি গুলি তার বুকে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, অস্ত্রে ত্রুটি থাকার কারণে গুলি ভরার সময় অনাকাঙ্ক্ষিতভাবে ফায়ার হয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ কর্তৃপক্ষের দাবি, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশত গুলিটি তার বুকে লাগে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, গুলিটি কাঁধের পেছনের দিক দিয়ে প্রবেশ করেছে। প্রাথমিক পরীক্ষায় গুলিবিদ্ধ স্থানে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।