জনগণের ম্যান্ডেটে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে শুধু দলীয় নেতাদের নয়, দলমতের বাইরে থেকেও যোগ্য ব্যক্তিদের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. তাহের বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানানো হবে—এমন নয়। আমরা পুরো বাংলাদেশের মানুষ থেকে যোগ্য ব্যক্তিদের বেছে নেব। আমাদের দেশে অর্থমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো অনেক যোগ্য লোক আছেন। সব বাংলাদেশিকে বিবেচনায় নিলে যোগ্য মানুষের অভাব হবে না।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ জন্য দলটির পক্ষ থেকে ফরেন পলিসি, মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্সের মূল প্রকল্প, নিরাপদ সমাজ গঠনসহ বিভিন্ন নীতিগত বিষয় পলিসি সামিটে উপস্থাপন করা হচ্ছে।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে ডা. তাহের বলেন, “বর্তমানে নারীদের নিরাপত্তা নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা কীভাবে মোকাবিলা করা যায় সে বিষয়েও আমরা পরিকল্পনা তুলে ধরছি।” একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণ নিয়েও আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
নির্বাচনী প্রচারণায় অনলাইন ব্যবহারের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, “অনলাইন একটি নতুন কৌশল, যা আগে তেমন ছিল না। আরপিও যতটুকু অনুমোদন দেয়, আমরা ততটুকুই মেনে অনলাইনে প্রচারণা চালাবো। তবে আমাদের মূল লক্ষ্য হবে ওয়ান টু ওয়ান কন্টাক্ট।”
তিনি জানান, এ লক্ষ্যে জামায়াতের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছেন, যাতে প্রতিটি ভোটারের কাছে পৌঁছানো যায়।