বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন পরীমনি ও চঞ্চল চৌধুরী। গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে ‘শাস্তি’ সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। দীর্ঘ ২২ বছর আগে ২০০৪ সালে রিয়াজ-পূর্ণিমাকে জুটি করে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেছিলেন ‘শাস্তি’ । এবার লিসা গাজী একই সিনেমা বানাচ্ছেন তবে জুটি চঞ্চল চৌধুরী ও পরীমণি।
বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও গভীর মানবিক গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ । সামাজিক বাস্তবতা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ গল্পটিকে আজও সমানভাবে প্রাসঙ্গিক করে রেখেছে।
গল্পে চিদাম ও দুখিরাম দুই ভাইয়ের এক তুচ্ছ পারিবারিক ঝগড়ার জেরে দুখিরামের স্ত্রী নিহত হলে আইনের হাত থেকে বাঁচতে ও ভাইকে বাঁচাতে চিদাম হত্যার দায় চাপিয়ে দেন স্ত্রী চন্দরার ওপর। নির্দোষ চন্দরা দায় স্বীকার করে নিয়ে মৃত্যুদণ্ডের আগে সত্য বলার সুযোগ পেয়েও নীরব থেকে জানান প্রতিবাদ। তার এই নীরবতাই অন্যায়, বিশ্বাসভঙ্গ ও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে হয়ে ওঠে তার সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ।