দীর্ঘ এক যুগ পর ভক্ত-শ্রোতাদের জন্য নতুন অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী বালাম। মোট ৬টি গান নিয়ে বালামের পঞ্চম একক অ্যালবাম ‘মাওলা’ আসছে। এই অ্যালবাম নিয়ে সংগীতশিল্পী বলেন, একটি অ্যালবামে নানা ধরনের গান থাকে, যা শিল্পীকে বিভিন্ন শ্রোতার মনোযোগ পাওয়ার সুযোগ করে দেয়। এভাবে একটি করে গান প্রকাশ করে ভক্তদের চাহিদা পুরণ করাটা খুব কঠিন। তবে নতুন অ্যালবামে এই বৈচিত্র্য থাকায় বিভিন্ন বয়সী ও পছন্দের শ্রোতাদের ভালো লাগবে।’
নতুন অ্যালবামে জেন-জিদের কথা চিন্তা করে নতুন প্রজন্মের শ্রোতার সঙ্গে সংযোগ স্থাপন করার জন্যও সিরিয়াসলি গান করা হয়েছে। অ্যালবামের শিরোনামের ‘মাওলা’ সুফি ধারার গান যা বালাম প্রথমবার গাইলেন । বর্তমান পৃথিবীর যে অস্থিরতা এখনও তা অনেক প্রাসঙ্গিক তাই গানটি অ্যালবামে রাখা হয়েছে।
সঙ্গীত পরিবেশনের পাশাপাশি গানের সুর ও সংগীতায়োজনও করেছেন বালাম। আগামী ঈদুল ফিতরে প্রকাশিত অ্যালবামটির সব গান অডিও আকারে এবং একটি গান ভিডিও আকারে থাকবে।
বালামের একক অ্যালবামের মধ্যে ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) ও ‘ভুবন’ (২০১৩)। এসব অ্যালবামের মধ্যে আছে- ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নুপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’, ‘অপরূপা’ দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে। অ্যালবামের পাশাপাশি বেশ কিছু সিঙ্গেল গানের পাশাপাশি গেয়েছেন শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়।