আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ সাত নেতাকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি আবেদন করেন। আবেদনে দলটির সাতজন শীর্ষ নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।
ইসির নির্দেশনায় যেসব নেতা বিশেষ নিরাপত্তা পাচ্ছেন তারা হলেন,ডা. শফিকুর রহমান (আমির), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (নায়েবে আমীর ও সাবেক এমপি), এ টি এম আজহারুল ইসলাম (নায়েবে আমীর), অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সেক্রেটারি জেনারেল), অধ্যাপক মুজিবুর রহমান (নায়েবে আমীর),
ড. হামিদুর রহমান আযাদ (সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি) এবং মাওলানা রফিকুল ইসলাম খান (সহকারী সেক্রেটারি জেনারেল)।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের চলাচল ও নির্বাচনী প্রচারণায় নিরাপত্তা নিশ্চিত করা একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে দ্রুততম সময়ের মধ্যে নির্দেশনাটি কার্যকর করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।