| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনী প্রচারণায় বাধা দিলে প্রতিরোধ করা হবে: জামায়াত আমির

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 114341 বার পঠিত
নির্বাচনী প্রচারণায় বাধা দিলে প্রতিরোধ করা হবে: জামায়াত আমির

নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া কিংবা নারীদের লাঞ্ছিত করার চেষ্টা করলে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত চলতে পারে না। জামায়াতের আদর্শিক প্রচারণায় বাধা দেওয়ার এখতিয়ার কারো নেই।” তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হলে কিংবা নারীদের অসম্মান করা হলে জামায়াত তা প্রতিহত করবে।

ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, জনতার স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না। “এই দেশে জনগণের রাজনীতি হবে, পরিবার কিংবা দলের রাজনীতি নয়,” বলেন তিনি।

নিরাপদ বাংলাদেশ গড়া ও ন্যায়বিচার নিশ্চিত করতে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দলগুলোর একটি জামায়াত। “১৭ বছর নির্যাতনের শিকার হলেও জামায়াত মানুষের পাশে ছিল,” বলেন তিনি।

বিএনপি দলের শৃঙ্খলা ফেরাতে চাইলে সহযোগিতা করার কথাও জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, আমরাও ছাড় দেব না। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।”

দেশজুড়ে বিভিন্ন সিন্ডিকেট জনগণের ওপর চেপে বসেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে এসব সিন্ডিকেটের মূলোৎপাটন করা হবে। তিনি বলেন, বেকার ভাতা দেওয়ার পরিবর্তে বেকারদের দক্ষ করে কর্মমুখী করা হবে।

এ ছাড়া নারীদের জন্য পৃথক যোগাযোগ ব্যবস্থা ও গণশৌচাগারের ব্যবস্থা করা হবে এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪