| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভৈরবে ‘ঢাকা মেইল’ ট্রেনের বগি লাইনচ্যুত

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 114374 বার পঠিত
ভৈরবে ‘ঢাকা মেইল’ ট্রেনের বগি লাইনচ্যুত

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে রেললাইন সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে এবং ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার ফলে কক্সবাজার এক্সপ্রেস ও ঢাকাগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ভৈরব এলাকায় আটকা পড়ে। এ ছাড়া কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে যাত্রাপথে আটকে আছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছায়। রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছেন।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ জানান, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে ভৈরব স্টেশনে পৌঁছায়। নির্ধারিত যাত্রাবিরতির পর রাত ৩টা ২০ মিনিটে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। স্টেশন অতিক্রম করার কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিন থেকে চার নম্বর বগিটি লাইনচ্যুত হয়। সকাল ৭টায় উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে।

ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ ও লাইন মেরামত শেষে দ্রুততম সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪