আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না। সবাইকে ক্ষমা করা হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে, তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে। এমনটাই বললেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার ( ২৭ জানুয়ারি ) দুপুর ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিক বলেন, জামায়াতে ইসলামী দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি আরও বলেন, মানুষের সম্পদ ও ইজ্জতের প্রতি কোনো অনাচার সহ্য করা হবে না এবং কোনো আধিপত্যের কাছে মাথা নত করা হবে না। পাশাপাশি, তিনি যুবসমাজকে ভাতা দিয়ে নির্ভরশীল করার পরিবর্তে তাদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, আমরা দেখছি, অতীতে যারা জুলুমের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই অনেকে আজ জালিমের ভূমিকা পালন করছেন। বর্তমান প্রজন্ম সংস্কার চায়, তারা পুরোনো, জীর্ণ ও পচা রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে চায়।
তিনি সকলকে আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটে অংশ নিয়ে দেশ গঠনের কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও বিভিন্ন সংসদীয় প্রার্থী।