কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে ছয়জন স্থানীয় কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, অপহৃত কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এ সময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখানে এসে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের তুলে নিয়ে যায়।
অপহৃতরা হলেন— মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০), মোজাহের (৬০) এবং মোস্তাক (১২)। তারা সবাই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, “আমার ছেলে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা চরম উদ্বেগের মধ্যে আছি।”
এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পাওয়া গেছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।