বিশ্বজুড়ে জনপ্রিয় টিকটক তারকা সেরিঞ্জে খাবানে লামে তার প্রতিষ্ঠান ‘স্টেপ ডিস্টিঙ্কটিভ লিমিটেড’ প্রায় ৯০০ মিলিয়ন ডলার মূল্যে বিক্রি করেছেন বলে জানা যায় জ্যামাইকা অবজারভারের এক প্রতিবেদন থেকে। ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের ইতিহাসে অন্যতম বড় এক আর্থিক চুক্তি সম্পন্ন করেছেন তিনি।
চুক্তির অংশ হিসেবে বিশ্বজুড়ে তার অনুসারীদের কাছে পৌঁছানোর পরিধি আরও বিস্তৃত করতে খাবি লামেকে একটি এআই-ভিত্তিক প্রতিলিপি বা ডিজিটাল অবতার তৈরির অনুমোদন দেওয়া হয়েছে যা বিভিন্ন ভাষায় কনটেন্ট তৈরি, ভার্চুয়াল লাইভস্ট্রিম এবং ২৪ ঘণ্টা ডিজিটাল যোগাযোগ বজায় রাখতে সহায়তা করবে।
৩৬০ মিলিয়ন অনুসারীর তারকা ‘রিচ স্পার্কল হোল্ডিংস’এর নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হিসেবে বহাল থাকবেন লামে। নিজ প্রতিষ্ঠানটি বিক্রি করলেও তার কার্যক্রম থেকে পুরোপুরি সরে না যেয়ে তার প্রভাবকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসায়িক কাঠামোর অংশীদার হিসেবেও যুক্ত থাকবেন এই চুক্তিতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘রিচ স্পার্কল হোল্ডিংস’ এই লেনদেন সম্পন্ন করেছে।
আগামী ৩৬ মাসের জন্য লামের বৈশ্বিক ব্যবসায়িক কার্যক্রমে একচেটিয়া অধিকার পাওয়া প্রতিষ্ঠানটি ট্রাফিক বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে খাবি লামের আন্তর্জাতিক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে। সংশ্লিষ্টদের ধারণা, বার্ষিক বিক্রয় ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে যদি এই পরিকল্পনা পূর্ণাঙ্গ বাস্তবায়িত করা যায়।
প্রিমিয়াম ব্র্যান্ড পার্টনারশিপ এবং সৌন্দর্য পণ্য, সুগন্ধি ও পোশাক খাতে যৌথ ব্র্যান্ডিং রয়েছে খাবি লামের ভবিষ্যৎ পরিকল্পনায়। যা প্রমান করে কীভাবে একজন কনটেন্ট ক্রিয়েটরের ব্যক্তিগত প্রভাব দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবসায়িক মডেলে রূপ নিতে পারে।
ইতালিতে বসবাস করা ২৬ বছর বয়সী খাবি লামের জন্ম সেনেগালে। অনলাইনে কোনো কথা না বলে কেবল হাস্যরসাত্মক ভঙ্গিতে বিভিন্ন জটিল টিউটোরিয়ালকে হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করে ভাষার সীমা ছাড়িয়ে বিশ্বব্যাপী আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দুই বছর আগে একটি অ্যাকশন-কমেডি চলচ্চিত্র ‘০০খাবি' র মাধ্যমে হলিউডেও তার অভিষেক ঘটে।