বেসরকারি টেলিভিশন ‘গান বাংলার' ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসানের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানিয়েছেন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আবেদনে কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অনুসন্ধান কার্যক্রম চলমান থাকায় তা সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কৌশিক হোসেন তাপসের বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা জারি করা হয়।
তাপসের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তর বরাবর চিঠি পাঠানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর সন্দেহভাজন ব্যক্তি ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি প্রাপ্তির জন্য একাধিকবার চিঠি পাঠানো হলেও তা পাওয়া যায়নি। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপস ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আয়কর নথি পর্যালোচনার জন্য আয়কর নথি জব্দের প্রয়োজন।