নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে উপস্থিত হন। এ সময় উদ্বোধনের কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি স্লোগানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
নলচিরা ঘাট এলাকার বাসিন্দা নাহিদ উদ্দিন বলেন, ফেরির ক্রেডিট নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এক গ্রুপ অন্য গ্রুপকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন।
এদিকে ফেরি উদ্বোধনের সময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে হাতিয়া থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ। তিনি অভিযোগ করে বলেন, এনসিপি নেতৃবৃন্দের ওপর পরিকল্পিতভাবে একটি তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে। আগামী দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম বলেন, ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
হাতিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।