সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে নতুন একটি পোস্ট দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পোস্টে তিনি নারীর অধিকার, ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে দলের অবস্থান এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা তার বক্তব্য ও অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করেছে। তিনি স্পষ্ট করে জানান, নারীর ক্ষমতায়ন ও সম্মান নিশ্চিত করা জামায়াত ইসলামীর নীতি ও মূল লক্ষ্য।
পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াত ইসলামীর নির্বাচনী ম্যানিফেস্টোর অন্যতম উদ্দেশ্য হলো নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন ও জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা নিশ্চিত করা। এ লক্ষ্যে নারীদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থা, নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, মানসম্মত স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
জামায়াত আমির আরও জানান, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলের পূর্ণাঙ্গ নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করা হবে। পোস্টের শেষাংশে তিনি বলেন, নারীর মর্যাদা রক্ষাকারী বাংলাদেশই এগিয়ে যাওয়ার বাংলাদেশ।