| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

  • আপডেট টাইম: 01-02-2026 ইং
  • 109372 বার পঠিত
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আশুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছয় তরুণকে গুলি করে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার (১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে, গত ২০ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক শেষ হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। ওই দিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষে দিনভর যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান।

মামলাটিতে মোট ১৬ জন আসামি রয়েছেন। এর মধ্যে আটজন গ্রেপ্তার। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক এবং কনস্টেবল মুকুল। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ বাকি আসামিরা পলাতক রয়েছেন।

গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। সে সময় উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করেন এবং রাজসাক্ষী হয়ে আদালতে জবানবন্দি দেন।

একই বছরের ২ জুলাই প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আমলে নেন আদালত। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে ৩১৩ পৃষ্ঠার নথি, ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ উপস্থাপন করা হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে পুলিশের একটি ভ্যানে তুলে তাদের লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ভয়াবহ এ ঘটনার সময় একজন তরুণ জীবিত ছিলেন। তাকেও পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়। এছাড়া এর আগের দিন আরও একজন নিহত হন। এ ঘটনায় একই বছরের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪