চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আসামিদের হাজিরে পরবর্তী শুনানির জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন এবং ফরমাল চার্জ আমলে নেওয়ার প্রার্থনা করেন। পরে ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করেন।
প্রসিকিউটর তাজুল ইসলাম ব্রিফিংয়ে জানান, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের সহযোগিতায় তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা তিনজন আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেন। এই ঘটনায় একজনকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বর্তমানে তিনজন গ্রেফতার রয়েছেন। বাকি ছয়জনকে গ্রেফতারের মাধ্যমে ১৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন গৌরীপুর থানার তৎকালীন ওসি সুমন চন্দ্র রায়, এএসআই দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগ নেতা সানাউল।