| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোনো নির্বাচনই পুরোপুরি শান্তিপূর্ণ হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম: 01-02-2026 ইং
  • 109296 বার পঠিত
কোনো নির্বাচনই পুরোপুরি শান্তিপূর্ণ হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনই পুরোপুরি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  প্রতিটি নির্বাচনেই কোনো না কোনো ধরনের ঝামেলা বা সহিংসতা ছিল। তবে এবারের নির্বাচনে এখন পর্যন্ত যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তার মতে, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হবে।

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের অবস্থান ও গৃহীত পদক্ষেপ বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে বলেও জানান তিনি।

‘হ্যাঁ ভোট’ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে শুরুতে মানুষের মধ্যে কিছু দ্বিধা থাকলেও এখন পরিস্থিতি পরিষ্কার। তিনি বলেন, জামায়াত ও এনসিপি শুরু থেকেই হ্যাঁ ভোটের পক্ষে ছিল। পরে বিএনপির চেয়ারম্যানও হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, বড় রাজনৈতিক দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তাই মানুষ দলীয় সিদ্ধান্ত অনুসরণ করেই ভোট দেবে এবং হ্যাঁ ভোট সহজেই পাশ হবে বলে তিনি মনে করেন।

এদিকে, নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো তথ্য নেই বলেও জানান মো. তৌহিদ হোসেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪