বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকার বিয়ের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে সোমবার (২ ফেব্রুয়ারি) এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিনোদন জগতে গত কয়েকদিন ধরে তাদের বিয়ের খবরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও জোরালো করে দেয় এই গুঞ্জনকে।
উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে বিয়ের জমকালো প্রস্তুতিতে লাল ভেলভেট কাপড়, নানা রঙের ফুল এবং বিশেষ কারুকার্য করা পিতলের সামগ্রী দিয়ে সাজানো বিয়ের আসরের অনুষ্ঠানের জন্য শেষ মুহূর্তের গোছগাছ চলছে পুরোদমে।
১ ফেব্রুয়ারি থেকেই এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেহেদি, সংগীত এবং ককটেল পার্টি অনুষ্ঠিত হয়েছে। পর্দার এই জনপ্রিয় জুটি সোমবার মূল বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবন শুরু করবেন।