নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রস্তুতি অনুযায়ী কাজ এগিয়ে গেলে নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু, উৎসবমুখর ও পুরোপুরি ফেয়ার। এখানে কোনো ধরনের অসুবিধা হবে না।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা একটি কঠিন কাজ। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “এখানে আপনারা কয়েকজন সাংবাদিক আছেন, এই কয়েকজনের কথা বলাটাই বন্ধ করতে অনেক সময় লাগে। সেখানে ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা আরও ডিফিকাল্ট।”
তিনি আরও বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে যে পরিমাণ মতপ্রকাশের স্বাধীনতা দেখা যাচ্ছে, তা অতীতে ছিল না।
ইন্টারনেট বা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। কেউ যদি এমন কিছু করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই স্বাধীনভাবে লিখবে, মত প্রকাশ করবে।”
তিনি দাবি করেন, আগে সাংবাদিকরাও নানা নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন। “স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করার সাহস সাংবাদিকদের ছিল না। এখন সেই পরিবেশ বদলে গেছে,” বলেন তিনি।
চট্টগ্রামের নির্বাচন পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে বলেও তিনি জানান।
মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।