জামায়াত গুম-খুনের নীতিতে দেশ পরিচালনার পাঁয়তারা করছে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এমনটাই সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের তথাকথিত ইনসাফ বাস্তবায়ন করতে চায়। তারা ক্ষমতায় গেলে কোন নীতি ও আদর্শে দেশ চালাবে? যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যে নীতিতে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে সেই নীতিতেই তারা দেশ চালাতে চায়। রাস্তায় মানুষ নামলে গুম হয়ে যেত, খুন হয়ে যেত।”
তিনি আরও বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে? তাহলে আবার সেই নিয়মে কীভাবে ইনসাফ কায়েম করবে? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।
জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী শরীয়াহ অনুযায়ী দেশ চালাবে না। ক্ষমতায় গেলে তারা প্রচলিত ব্যবস্থাতেই দেশ চালাবে। এমনকি তাদের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়।
ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, তারা সবাই একত্র হয়ে হাতপাখা প্রতীকে ভোট দিন।
জনসভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খালেদ সাইফুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।