বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে মধ্যরাতে গুলির দায় স্বীকার করে স্যোশাল মিডিয়ায় সরাসরি হত্যার হুমকিও দিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। এ ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে একটার মধ্যে রোহিত শেঠির জুহুর বাসভবনের বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হলে একটি গুলি বাড়ির জিমের কাচের দেয়ালে গিয়ে লাগে বলে যানা যায় ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। রোহিত শেঠির বাড়ির পাশাপাশি আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ঘটনার পেছনের উদ্দেশ্য ও নেটওয়ার্ক শনাক্ত করার চেষ্টা চলছে জানালেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি রোহিত শেঠি।
ঘটনার পর স্যোশাল মিডিয়ায় ‘শুভম লোঙ্কের’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ‘আজ আমরা পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করছি। এটা ছিল শুধু একটা ঝলক। কথা না শুনলে পরের গুলিটা বাড়ির বাইরে নয়, বেডরুমে ঢুকবে আর বুকে গিয়ে লাগবে।’ হুমকি দিয়ে পোস্ট করা হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, পোস্টগুলোর সত্যতা যাচাই এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সাইবার সেল কাজ করছে। পুণের ধয়ারী ও কার্ভেনগর এলাকায় অভিযান চালিয়ে রবিবার পাঁচজনকে আটক করে তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে এবং মুম্বাইয়ের ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।
২০২৪ সালে মুম্বাইয়ে বলিউড সুপারস্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনাতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসে। একই বছরের অক্টোবরে প্রকাশ্যে বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছিল এই গোষ্ঠী। এ ছাড়া অভিনেত্রী দিশা পাটানি, ইউটিউবার এলভিশ যাদব এবং বিদেশে কয়েকজন ভারতীয় শিল্পীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।