মাদারীপুরের রাজৈরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে খাদে পড়ে দুই মৌ-চাষী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা–বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া গ্রামের আমজেদের ছেলে রানা (২৭) ও একই উপজেলার সামর্থবাড়ী গ্রামের মুক্তারের ছেলে লিখন (১৮) এ দুর্ঘটনায় নিহত হন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মধু সংগ্রহের উদ্দেশ্যে মৌচাকবোঝাই একটি ট্রাকে করে যশোর থেকে মাদারীপুরের ঘটকচর এলাকায় যাওয়ার পথে পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানা ও লিখনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে।
এ বিষয়ে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের করা হয়েছে এবং দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।