| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে প্রবেশে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ

  • আপডেট টাইম: 03-02-2026 ইং
  • 100212 বার পঠিত
ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে প্রবেশে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ঢাকা ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে গানম্যানসহ প্রবেশ করতে গিয়ে দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়িয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রার্থী।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যানসহ প্রবেশের নিয়ম নেই এ কথা জানানো হলে খালিদুজ্জামান দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। একপর্যায়ে তিনি উচ্চস্বরে কথা বলেন এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিওতে আরও দেখা যায়, ক্যান্টনমেন্টে প্রবেশের সময় খালিদুজ্জামানের পরিচয় জানতে চাইলে তার সঙ্গে থাকা একজন তাকে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। পরে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী বলে জানানো হয়। এ সময় দায়িত্বরত এক সেনা কর্মকর্তা নিরাপত্তার স্বার্থে ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যানসহ প্রবেশে বিধিনিষেধের কথা উল্লেখ করেন।

এতে ক্ষুব্ধ হয়ে খালিদুজ্জামান বলেন, সেনাসদস্যরা নিজেরাই অস্ত্র নিয়ে দায়িত্ব পালন করছেন, অথচ অন্যদের ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হচ্ছে। তিনি সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন এবং বিষয়টি সেনাপ্রধান পর্যন্ত জানাবেন বলেও হুঁশিয়ারি দেন।

একপর্যায়ে দায়িত্বরত সেনাসদস্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন। পরে তাকে বলতে শোনা যায়, ক্যান্টনমেন্টের ভেতরের নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর এবং সেখানে গানম্যানের প্রয়োজন নেই। তবে ক্যান্টনমেন্ট অতিক্রম করার পর প্রার্থীর সঙ্গে গানম্যান থাকার সুযোগ থাকবে বলে জানানো হয়।

তবে এতে সন্তুষ্ট হননি খালিদুজ্জামান। তিনি বলেন, ক্যান্টনমেন্টের ভেতরে ও বাইরে তার নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এবং কিছু কর্মকর্তা ব্যক্তিস্বার্থে সরকার ও প্রশাসনকে বিতর্কিত করছেন।

ভিডিওতে আরও দেখা যায়, খালিদুজ্জামান তার সঙ্গে থাকা ব্যক্তিদের ভিডিও ধারণ করতে বলেন। এ সময় সেনাসদস্যরা ক্যান্টনমেন্ট এলাকায় ভিডিও ধারণে নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করেন।

ঘটনার একপর্যায়ে সেনাসদস্যরা জানান, তারা প্রার্থীকে যাতায়াতে বাধা দিচ্ছেন না, তবে ক্যান্টনমেন্টের নিরাপত্তা বিধি মেনে সহযোগিতা করার অনুরোধ জানান।

এ ঘটনায় সেনাবাহিনী বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪