বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাঙ্গামাটিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে। রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার তিনটি সংসদীয় আসনের ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিজিবির এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।
রাঙ্গামাটি জেলার সদর উপজেলায় ৪১টি ভোটকেন্দ্রে ৪ প্লাটুন, বরকল উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন, তিনটি উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন, কাপ্তাইসহ সাতটি উপজেলায় সর্বাধিক ২৬৭টি ভোটকেন্দ্রে ২০ প্লাটুন বিজিবি সদস্য এবং চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়াসহ চার উপজেলার ৪৩টি ভোটকেন্দ্রে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিজিবি সদস্যদের জন্য ড্রোন প্রশিক্ষণ, রায়ট কন্ট্রোল মহড়া, নন-লিথাল অস্ত্র ব্যবহার, বডি ওর্ন ক্যামেরা প্রয়োগ এবং ব্যাটালিয়ন পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ের জন্য মাঠে কাজ করবে বিজিবি।