| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

  • আপডেট টাইম: 06-02-2026 ইং
  • 98644 বার পঠিত
বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক এবং তিনজন স্থানীয় বাসিন্দা রয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), একই ক্যাম্পের নুর হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩), হ্নীলা ইউনিয়নের মোছনী ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাছা মিয়া (৩৮), আলীখালী ৮ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮ মাস) এবং একই এলাকার নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় বিএনপির প্রার্থীর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে একটি ড্রাম ট্রাকে একজন নারী গায়িকা ও ১০ থেকে ১২ জন কর্মী সড়ক অতিক্রম করেন। ট্রাকটি চলে যাওয়ার কয়েক মিনিট পর প্রচারণা দেখতে আসা জনতার ভিড়ের মধ্যে মদ্যপ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জালাল প্রকাশ লাশ জালাল বিদেশি অস্ত্র দিয়ে অতর্কিতভাবে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধদের উদ্ধার করে প্রথমে লেদা আইআরসি ও আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় বিএনপির প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর জালাল প্রকাশ লাশ জালাল নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গুলিবর্ষণ করে।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৬ অক্টোবর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরি এলাকায় আনোয়ার প্রকাশ লেডাইয়া ডাকাত ও জালাল প্রকাশ লাশ জালালের নেতৃত্বাধীন দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই গ্রুপের প্রধানের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তারা ভারী বিদেশি অস্ত্র ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪