চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ না হলে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির এক জরুরি সভায় ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্কপ নেতা এ এম নাজিম উদ্দিন। সভায় কাজী শেখ নুরুল্লাহ বাহার, স্কপের যুগ্ম সমন্বয়ক এস কে খোদা তোতন, ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম ও ফজলুল কবির মিন্টুর উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে আলোচনার পর রমজান মাস ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিবেচনায় নিয়ে শ্রমিকরা দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছিলেন। উপদেষ্টা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিলেও বাস্তবে তার উল্টো চিত্রের অভিযোগ করেন তারা। আগামীকালের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এনসিটি ইজারা প্রক্রিয়া থেকে সরে আসা এবং শ্রমিকদের বদলি ও অন্যান্য হয়রানিমূলক কার্যক্রম অবিলম্বে প্রত্যাহারের করা না হলে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
নৌপরিবহন উপদেষ্টার নির্দেশে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ১৫ জন শ্রমিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পদ তদন্তের জন্য বন্দর কর্তৃপক্ষ দুদকে আবেদন করেছে বলে দাবি স্কপের। এ ধরনের পদক্ষেপকে ‘অনৈতিক ও গর্হিত’ আখ্যা দিয়ে স্কপ নেতারা বলেন, দেশত্যাগে নিষেধাজ্ঞা কিংবা সম্পদ তদন্তের হুমকিতে শ্রমিকরা ভীত নন। বরং এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) ইজারা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নৌ উপদেষ্টা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও বন্দর চেয়ারম্যানের সম্পদের হিসাব নেওয়াই বেশি জরুরি। বন্দর কর্তৃপক্ষের বর্তমান অবস্থান ‘আগুন নিয়ে খেলার’ শামিল মন্তব্য করে যে কোনো হয়রানিমূলক পদক্ষেপ প্রতিহত করতে স্কপ প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন তারা।
শ্রমিকদের ধারাবাহিক কর্মসূচিতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়া, আমদানি-রফতানি বাণিজ্যে বিঘ্ন এবং জাতীয় অর্থনীতিতে সম্ভাব্য প্রভাবের প্রেক্ষাপটে ১৫ জন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিমের সই করা চিঠিটি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন উপদেষ্টার দপ্তর, দুদক এবং জাতীয় গোয়েন্দা সংস্থার মহাপরিচালকের কাছেও পাঠানো হয়েছে।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও মো. ইব্রাহিম খোকনকে প্রেষণে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়। এছাড়া মো. ফরিদুর রহমান, মোহাম্মদ শফি উদ্দিন, রাশিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মো. জহিরুল ইসলাম, খন্দকার মাসুদুজ্জামান, মো. হুমায়ুন কবীর (এসএস পেইন্টার), মো. শাকিল রায়হান, মানিক মিঝি, মো. শামসু মিয়া, মো. লিয়াকত আলী, আমিনুর রসুল বুলবুল ও মো. রাব্বানীর নাম চিঠিতে উল্লেখ করা হয়েছে।