| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি জোট প্রার্থীর বিরুদ্ধে মানহানি মামলা

  • আপডেট টাইম: 08-02-2026 ইং
  • 97487 বার পঠিত
বিএনপি জোট প্রার্থীর বিরুদ্ধে মানহানি মামলা

মানহানির অভিযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে অনলাইন গণমাধ্যম নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম-এর সাংবাদিক মো. আকাশ এ মামলার আবেদন করেন।

মামলার বাদী মো. আকাশ অভিযোগ করেন, একটি স্কুলে প্রকাশ্যে নারী ভোটারদের টাকা দেওয়ার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও প্রকাশিত হয়। এ ঘটনায় মুফতি মনির হোসাইন কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল-এর বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, প্রচার ও প্রকাশ করেন। এতে প্রতিষ্ঠান দুটির চরম মানহানি হয়েছে এবং এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম জানান, নির্বাচনী এলাকায় অভিভাবকদের টাকা প্রদান করার সময় মুফতি মনির হোসাইন কাসেমীর একটি ভিডিও ক্যামেরায় ধারণ হয়। পরবর্তীতে বিধি মোতাবেক দোষ স্বীকার করায় তাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়, যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর মুফতি মনির হোসাইন কাসেমীর বিভিন্ন ফ্যান পেজ থেকে নিউজ নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে বলে দাবি করে আপত্তিকর বক্তব্য প্রচার করা হয় এবং পুরো ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করা হয়। এতে করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪