| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট সাময়িক স্থগিত

  • আপডেট টাইম: 09-02-2026 ইং
  • 95891 বার পঠিত
চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট সাময়িক স্থগিত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানে পণ্য খালাস স্বাভাবিক রাখার স্বার্থে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত থাকবে। তবে এ সময়ের মধ্যে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি ও সাময়িক বরখাস্তসহ পাঁচটি দাবি সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে টানা ছয় দিন কর্মবিরতি পালন করেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। পরে শুক্র ও শনিবার কর্মসূচি স্থগিত থাকলেও ১৫ জন কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে আবারও আন্দোলনে ফেরেন তারা।

দুদিনের বিরতির পর রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে পুনরায় লাগাতার ধর্মঘটের ডাক দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিন বহির্নোঙরের কার্যক্রম বন্ধ থাকায় পুরো বন্দর কার্যত অচল হয়ে পড়ে।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার বিষয়ে সরকারের স্পষ্ট ঘোষণা, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং ভবিষ্যতে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪