নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব ভোটকেন্দ্রে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এসব কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়। আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও বৈদ্যুতিক লাইট পুড়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিটি কেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
নির্বাচনের আগে একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।