রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতার নাম মুস্তাফিজুর রহমান (মিলন)। তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
সোমবার (গতকাল) সন্ধ্যা প্রায় সাতটার দিকে মুস্তাফিজুর রহমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বারীর পক্ষে একটি পোস্ট দেন। এর আগের দিন তিনি ওই প্রার্থীর নির্বাচনী জনসভার একটি ছবি পোস্ট করে লেখেন, “দাঁড়িপাল্লার জয় হবে ইন-শা-ল্লাহ।”
সবশেষ পোস্ট দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মুস্তাফিজুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় মুস্তাফিজুর রহমান বলেন, এতে কিছু যায় আসে না। তবে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে আমার ফেসবুক আইডির নাম ব্যবহার করা হয়েছে। আমার সাংগঠনিক নাম মিলন পারভেজ।