ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনের ৪১৮টি ভোটকেন্দ্রে বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। পিরোজপুরের ৩টি আসনে ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী জানিয়েছেন, পিরোজপুরের ৭টি উপজেলার ৩টি সংসদীয় আসনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১ হাজার ৬০০ জন পুলিশ, ৬৮ জন নৌ-পুলিশ, ৮০০ জন সেনা সদস্য, ৪৬৩ জন বিজিবি সদস্যের পাশাপাশি ১১২ জন ব্যাটালিয়ন আনসার, ৬৫ জন র্যাব সদস্য, ৮০ জন কোস্ট গার্ড ও ৫ হাজার ৪৩৪ জন আনসার-ভিডিপি সদস্য তাদের দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা তদারকি করতে পুলিশের ২৬৬টি বডি-ওর্ন ক্যামেরার মধ্যে ১৩৪টি অনলাইন ও ১৩২টি অফলাইন ক্যামেরার পাশাপাশি পুলিশের ৪২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়া সেনা, র্যাব, বিজিবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট সমন্বিতভাবে কাজ করবে।