| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে ফল মেনে নেবে বিএনপি: তারেক রহমান

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 93388 বার পঠিত
নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে ফল মেনে নেবে বিএনপি: তারেক রহমান

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে বিএনপি অবশ্যই ফলাফল মেনে নেবে। তবে এজন্য নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে বলে শর্ত উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না? আমরা সব দলই মেনে নেব। তবে অবশ্যই এখানে একটা শর্ত আছে নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে।

তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে চেষ্টা করতে হবে যেন ভোটাররা সুন্দর পরিবেশে তাদের ভোট দিতে পারেন। এর মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

ঢাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, গত এক যুগের বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছেন।

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, “আমরা আত্মবিশ্বাসী। আলহামদুলিল্লাহ, বিজয়ের ব্যাপারে আশাবাদী।” কত আসনে জয়ের আশা করছেন— এমন প্রশ্নে তিনি বলেন, “যত আসন পেলে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারব, ততটাই প্রত্যাশা করছি।”

নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনার বিষয়ে তিনি জানান, যাদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের নিয়ে দেশ পরিচালনা করতে চান।

সারা দেশের ভোট পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখার কারণে বিস্তারিত তথ্য এখনো পাননি। তবে গণমাধ্যমে কিছু স্থানে অপ্রত্যাশিত ঘটনার খবর দেখেছেন। তার ভাষায়, “কোনো একটি রাজনৈতিক দল কিছু অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে। আমরা চাই না এমন ঘটনা ঘটুক।”

তিনি আরও বলেন, জনগণই দেশের মালিক। তারা যদি ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন, তবে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।

ভোট গণনায় দেরি হওয়ার আশঙ্কা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ফলাফল প্রকাশে দেরি হওয়ার কোনো কারণ দেখেন না। নির্বাচন কমিশন দ্রুত ফলাফল প্রকাশে উদ্যোগ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ঢাকার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হতে দেখেছেন। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪