কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলাকালে বৃহস্পতিবার দুপুর ১২টায় কেন্দ্রে একের পর এক সাতটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে ভোটাররা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটতে শুরু করেন।
কেন্দ্রের ৩০০ মিটার দূরে অবস্থানরত সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত কেন্দ্রে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩,৯০৬, যার মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ১,২৫০ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা আতিকুল ইসলাম।
বিএনপি প্রার্থী কামরুল হুদার নেতা-কর্মীর অভিযোগ, সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করতে জামায়াত ও শিবিরের লোকজন এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে জামায়াতের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষ এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ভোটারদের আশ্বস্ত করে কেন্দ্রটিতে সুষ্ঠু ভোটগ্রহণ অব্যাহত রাখেন কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক মো. রাশেদ।