ঢাকা-১৫ আসনের একটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ৭৫ ভোট।
ঢাকা-১৫ আসনটি মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪ ও ১৬ এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৭টি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটাররা দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখন চলছে ফলাফল ঘোষণার অপেক্ষা।
২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। সারাদেশে মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের নির্বাচনে ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রে জালভোট এবং ৩টি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।