ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ৭২ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট। ফলে প্রায় ২৮ হাজার ১৪৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মির্জা ফখরুল।
নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসনের মোট ৬২টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে শুরু থেকেই এগিয়ে ছিলেন ধানের শীষের প্রার্থী। ভোট গণনার শেষ পর্যন্ত তার এই ব্যবধান বজায় থাকে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে ঠাকুরগাঁও-১ আসনেও ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে কেন্দ্রগুলোতে শুরু হয় ভোট গণনা, যা ঘিরে ছিল টানটান উত্তেজনা।
বেসরকারি ফলাফলে জয়ী ঘোষিত হলেও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।