১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে শহিদ ও ক্ষতিগ্রস্তদের বিচার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হবে বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর পেকুয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে সামাজিক পুনর্মিলনের যে দৃষ্টান্ত রয়েছে, সেসব অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশেও অনুরূপ উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
বিজয়ের প্রতিক্রিয়ায় বিএনপির নেতা বলেন, দেশকে বিভক্ত না রেখে শান্তি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করেই এগিয়ে নেয়ার জন্য সামনে বড় দায়িত্ব রয়েছে। কোনো বিজয় উল্লাসে না যেয়ে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করে জনগণের প্রত্যাশা পূরণই এখন প্রধান কর্তব্য বলে মনে করেন তিনি।