ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় নিজ বাড়ির সামনে মো. ভুট্টো (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভুট্টো তার বাড়ির সামনের রাস্তায় একা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’
পুলিশের প্রাথমিক ধারণা, মাদকের কারবার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ওসির দেওয়া তথ্যমতে, নিহতের নামে মাদক মামলা রয়েছে।