| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম: 15-02-2026 ইং
  • 90798 বার পঠিত
খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

নওগাঁর ধামইরহাট উপজেলায় খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। তোপের মুখে দোকান ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাটের নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী। তারা নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন।

রোববার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে বাজারে খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত মাংস ফেলে দোকান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পলাতক রয়েছেন।

ধামইরহাট থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়। সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া ও মাংস জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪