কলকাতার টালিগঞ্জে রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে টেকনিশিয়ান স্টুডিও সংলগ্ন বহুতল ভবনে। ভবনটির পাঁচতলায় আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গেলে আতঙ্কিত হয়ে পড়েন অভিজাত ভবনের বাসিন্দারা।
টলিউড তারকা যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও পরিচালক শুভ্রজিৎ মিত্র এ ভবনেই বাস করেন। আগুন লাগা ফ্ল্যাটের ঠিক ওপরের তলায় থাকা যশ ও নুসরাত সন্তানদের নিয়ে এবং পরিচালক শুভ্রজিৎ আপৎকালীন সিঁড়ি দিয়ে বৃদ্ধা মাকে নিয়ে আঠারো তলা থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসেন।
আগুন লাগার খবরে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচতলার একটি ফ্ল্যাটে শিবরাত্রির আরতির আগুন না নিভিয়েই বাসিন্দারা মন্দিরে চলে যাওয়ায়এ দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ।
আগুন আতঙ্ক কাটিয়ে যশ বলেন, “আমাদের ফ্ল্যাটটি একেবারে আগুনের উৎসের ওপরের তলায় হওয়ায় আতঙ্কটা বেশি ছিল। তবে আমরা সবাই এবং বাচ্চারা ঠিক আছি। প্রপার্টি ড্যামেজ ছাড়া আর বড় কোনো ক্ষতি হয়নি।”