| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া-৬ আসন ছাড়ছেন তারেক রহমান

  • আপডেট টাইম: 16-02-2026 ইং
  • 89625 বার পঠিত
বগুড়া-৬ আসন ছাড়ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হলেও বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসি) সচিবালয় বিষয়টি নিশ্চিত করেছে। ইসি সচিব আখতার হোসেন জানান, তারেক রহমানের পক্ষ থেকে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়া হয়েছে। আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। তবে একাধিক আসনে বিজয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে কোন আসনটি রাখবেন তা নির্বাচন কমিশনকে জানাতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে কমিশন একটি আসন রেখে বাকিগুলো শূন্য ঘোষণা করতে পারে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এএসএম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। অন্যদিকে বগুড়া-৬ আসনে তিনি ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হন। সেখানে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

আইন অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন বাধ্যতামূলক। ফলে বগুড়া-৬ আসনে দ্রুত উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণের কথা থাকলেও শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়। এছাড়া আইনি জটিলতায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঝুলে আছে। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২১২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪