ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭:১৫ মিনিটে রমনার ৫৫/১, সিদ্ধেশ্বরী রোডস্থ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ব্যক্তিগত বাসায় পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান চরমোনাই পীর। এ সময় দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদও উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান এবং ভবিষ্যৎ সহযোগিতা ইস্যুতে এই আলোচনা হয়েছে।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী প্রতিযোগিতার কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তবে তা যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে ভিন্ন রাজনৈতিক দল ও মতের লোকেদের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতের সময় আমিরের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা এবং সাধারণ নাগরিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।