বগুড়া-৬ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। এর আগে তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ইসিকে চিঠির মাধ্যমে জানান। তিনি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ দুটি আসনে জয়লাভ করেছিলেন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান, ৭১ অনুচ্ছেদ (২)(ক) অনুযায়ী একজন সংসদ সদস্য কেবল একটি আসনের প্রতিনিধিত্ব করতে পারবেন। তারেক রহমান ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনি এলাকা ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে স্বাক্ষরিত ঘোষণাপত্র জমা দেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে সংবিধান অনুসারে নির্বাচিত হওয়ার পর একজন সদস্য কেবল একটি আসনের প্রতিনিধিত্ব করবেন। একাধিক আসনে জয়ী হলে শপথের আগে একটি আসন রেখে বাকি আসন ত্যাগ করার সিদ্ধান্ত কমিশনকে জানাতে হয়। যদি ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্ত জানানো না হয়, জয়ী হওয়া সব আসনই শূন্য ঘোষণা হবে।
এবার বগুড়া-৬ আসন শূন্য ঘোষণার পর ওই আসনে উপ-নির্বাচনের তফসিল পরে প্রকাশ করা হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সালে প্রথম প্রণীত হওয়ার সময় একজন প্রার্থী কতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, সে বিষয়ে স্পষ্ট সীমা ছিল না। ১৯৮৬ সালে সর্বোচ্চ পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হয়। পরে ২০০৮-২০০৯ সালে আরপিও সংশোধন করে এই সীমা কমিয়ে সর্বোচ্চ তিনটি আসনে নির্ধারণ করা হয়।