রাঙামাটিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় পুলিশ লাইনের পেছনে দোল আদাম এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর । ফায়ার সার্ভিসের ২টি ইউনিট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রিতা চাকমা (৩৫) জানান, ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতর আগুন লাগায় তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘর থেকে বের হয়ে আসায় ঘরের ভেতরে রাখা তার কাপড়ের ব্যবসার মালামাল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ব্যাংকের চেকসহ প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে গেছে বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন জানান, বিকট শব্দ ও চিৎকার শুনে তার ঘুম ভাঙে এবং বাইরে এসে তিনি আগুন দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনিও আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি স্টেশনের স্টেশন অফিসার নুরুল হুদা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করি। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এলাকার রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই পুলিশ লাইনের পুলিশ সদস্যরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।