বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানানোয় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জোটের শরিকদের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে ১১ দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে শপথ গ্রহণসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে জামায়াতে ইসলামী জানিয়েছিল, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, তাহলে জামায়াতের বিজয়ী সংসদ সদস্যরাও কোনো ধরনের শপথ গ্রহণ করবেন না।
সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছিল। তবে বিএনপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপাতত শপথ নেবে না।
এ পরিস্থিতিতে ১১ দলীয় জোটের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে রাজনৈতিক অঙ্গনে নজর রয়েছে।