তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করে বলেন, আলহামদুলিল্লাহ...তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ।
নুরকে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানান তিনি।
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে নুরুল হক নুর জাতীয় রাজনীতিতে পরিচিতি পান। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।