বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি হঠাৎ বিরতির ঘোষণা দিলেন। সাবলীল অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নেয়া এই অভিনেত্রী যখন নাটকের ব্যস্ত শিডিউল আর শুটিংয়ের ব্যস্ততায় মুখর তখনি দিলেন বিরতির ঘোষণা।
কোনো আনন্দঘন মুহূর্ত অথবা মন খারাপ সব বিষয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহির সক্রিয়তা চোখে পরার মতো। তবে এবার কোন আনন্দ নয় বরং মন খারাপের এক বার্তা মাহি ভাগ করে নিয়েছেন তার ভক্তদের সঙ্গে। জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন।
এক পোস্টে মাহি লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।’ হঠাৎ মাহির নেয়া এই সিদ্ধান্তে ভক্তদের মনে নানা কৌতূহল উঁকি দিলেও মাহি স্পষ্ট করে জানিয়েছেন এটি স্থায়ী কোনো বিদায় নয় শুধু অল্প সময়ের জন্য থামা,খুব তাড়াতাড়ি আবার ফিরবো, ইনশাআল্লাহ।
মাহি তার বিরতির কারণ নিয়ে বিস্তারিত আর কিছু না জানালেও তার পোস্টে মন্তব্যের ঘরে ভক্তরা তাকে শুভকামনা জানিয়ে অনেকে মন্তব্য করেছেন কাজের চাপে মানসিক প্রশান্তির জন্য বিরতি প্রয়োজন, আবার কেউ তাকে দ্রুত পর্দায় ফেরারও অনুরোধ জানিয়েছেন।