রাজধানীর একটি হাসপাতালে ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। অস্ত্রোপচারের পর টানা ৭২ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় এবং বর্তমানে বাসায় থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন এই অভিনেত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার অনুষ্ঠিত সার্জারিটি সফল হয়েছে। অপারেশনের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণকাল সন্তোষজনকভাবে শেষ হওয়ার পর তাকে বাসায় নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা ৭২ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখেন। বর্তমানে তানিয়া আগের চেয়ে অনেকটা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানান তানিয়া বৃষ্টি। হাসপাতালের শয্যায় তোলা একটি ছবি শেয়ার করে তিনি জানান, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া কামনা করেন। পোস্টটি প্রকাশের পর থেকেই সহকর্মী, নির্মাতা ও ভক্তদের শুভকামনায় ভরে ওঠে তার সামাজিক যোগাযোগমাধ্যম।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তাই সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বা নতুন কাজের বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছে।
চিকিৎসা-পরবর্তী সময়টা সতর্কতার সঙ্গে পার করছেন তানিয়া বৃষ্টি। সবকিছু অনুকূলে থাকলে পর্যাপ্ত বিশ্রাম শেষে আবারও নিয়মিত কাজ শুরু করবেন বলে জানা গেছে।