প্রথমবারের মতো আজ শনিবার অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টা ১০ মিনিটে তিনি সেখানে প্রবেশ করলে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এসময় পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এসময় সংশ্লিষ্টরা কিছুক্ষণের জন্য ভুলে যান তারা দেশের প্রধানমন্ত্রীকে এতো কাছাকাছি পেয়েছেন।
এদিকে, প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।