তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের পরিকল্পনায় সারাদেশে চলতি ফেব্রুয়ারি মাস থেকে ৪ কোটি ১০ লাখ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের লক্ষ্য দেশের সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা আরও নিশ্চিত করা। তাই চলতি ফেব্রুয়ারি মাস থেকেই এই নতুন ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে এবং পরে অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রতি পরিবারে একজন নারী সদস্যকে এই কার্ড প্রদান করা হবে, যাতে নারীদের ক্ষমতায়ন ও পরিবারের আর্থ-সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।
আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, সরকারি পরিকল্পনা ও নীতি সম্পর্কে জনগণের সাথে সরাসরি যোগাযোগ বজায় রাখা প্রয়োজন। তাই তারা জনগণের সঙ্গে প্রায়ই কথা বলেন এবং তাদের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী কাজ করতে চান।
সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের জন্য ১৫ সদস্যের একটি ক্যাবিনেট কমিটি গঠন করেছে, যা একটি পাইলট প্রকল্প হিসেবে দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় প্রথম পর্যায়ে কর্মসূচি চালুর প্রস্তুতি নিচ্ছে। এরপর তা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত হবে।
সরকারের এই উদ্যোগ দেশজুড়ে সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানানো হয়েছে।