অভিনেতা শিপন মিত্র অভিযোগ করেছেন, ইউটিউবের জন্য নির্মিত একটি ধারাবাহিককে তার অজান্তেই সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর তিনি নিজেকে প্রতারণার শিকার বলে দাবি করেছেন।
তিন বছর আগে একটি রোমান্টিক-কমেডি ঘরানার সিরিয়ালে অভিনয় করেন শিপন। তার ভাষ্য অনুযায়ী, তখন তাকে জানানো হয়েছিল এটি ইউটিউবের জন্য নির্মিত কনটেন্ট। মাত্র পাঁচ দিনেই শুটিং শেষ হয়। এরপর দীর্ঘ সময় এ বিষয়ে আর কোনো আপডেট পাননি তিনি।
সম্প্রতি তিনি জানতে পারেন, ‘বরিশাইল্ল্যা পরী’ নামের সেই কনটেন্টটি ১৩ ফেব্রুয়ারি দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বিষয়টি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। অভিমান থেকেই সিনেমাটির প্রচারণায় অংশ নেননি বলেও জানান তিনি।
শিপনের দাবি, কাজটি শুরু থেকেই নাটক বা সিরিয়াল হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। তাকে বলা হয়েছিল, নাটকের গান এখন জনপ্রিয়, তাই এতে গান ও মারামারির দৃশ্য রাখা হচ্ছে দর্শক আকর্ষণের জন্য। কিন্তু পরে সেটিকেই সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হয়।
অন্যদিকে নির্মাতা সালমান জসিম দাবি করেন, শুরু থেকেই এটি সিনেমা হিসেবে নির্মাণ করা হয়েছে। তার বক্তব্য, এতে পাঁচটি গান ও অ্যাকশন দৃশ্য রয়েছে, যা সাধারণ নাটকে সচরাচর দেখা যায় না।
প্রযোজক শফিকুল ইসলাম জানান, শুরুতে টেলিফিল্ম হিসেবে কাজ শুরু হলেও পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে নায়ককে অবহিত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
ঘটনাটি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আনুষ্ঠানিকভাবে কোনো সমাধানে পৌঁছায় কি না।